এবার অ্যালেক্সা বিভাগ থেকে অ্যামাজনের কয়েকশ কর্মী ছাঁটাই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে এবার খুঁটি মজবুত করতে চায় আমাজন। আর তাই জেনারেটিভ এআই বিভাগে আরও জোর দেওয়ার জন্য সংস্থার 'অ্যালেক্সা' বিভাগ থেকে কয়েকশ কর্মী ছাঁটাই শুরু করেছে কোম্পানিটি। সূত্রের খবর, কোম্পানির জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘অ্যালেক্সা’-এর পরিচালন বিভাগ থেকেই সবচেয়ে বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে ছাঁটাই হওয়া কর্মীদের চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এদিন কর্মীদের চিঠি দিয়ে কোম্পানিটির কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘অ্যালেক্সা ও ফায়ার টিভি’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রাউসচ জানিয়েছেন, কোম্পানি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আপাতত কিছু পদ বাদ দেওয়া হচ্ছে। সেইসব পদগুলোতে কর্মরত কর্মীদের বরখাস্ত করা হচ্ছে।
চিঠিতে তিনি জানিয়েছেন, "আমরা এখনও অনুসন্ধান করছি। এখন আমরা আমাদের ব্যবসার অগ্রাধিকারকে আরও গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কিছু প্রচেষ্টাকে বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করছি।"
সূত্রের খবর, শুক্রবার আমেরিকা ও কানাডার কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ভারতের কর্মীদেরও বরখাস্তপত্র ধরানো হবে বলেই জানা গেছে।
ডিবিটেক/বিএমটি







